

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
বাসাইল সংবাদ: সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭:
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে চিকিৎসকের অবহেলায় বুলবুল (২৮) নামের এক যুবকের মৃত্যু’র অভিযোগ উঠেছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বাসাইল পৌর এলাকার চালাপাড়ার আনোয়ার হোসেনের একমাত্র ছেলে রাজমিস্ত্রী বুলবুল হোসেনের পেট ব্যাথা এবং বমি হওয়ার কারণে সোমবার সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর বুলবুলের অবস্থার আরো বেশি অবনতি হওয়ায় স্বজনরা নার্স এবং চিকিৎসকের স্মরনাপন্ন হলেও কর্তৃপক্ষ তাদের কথায় কোন কর্ণপাত করেনি। পরে বিকেল ৩টার দিকে বুলবুলের শরীর নিস্তেজ হয়ে পড়লে তার স্বজনরা কান্নাকাটি শুরু করে। এসময় কর্তব্যরত নার্স ও চিকিৎসক শরিফুল ইসলাম তাকে ইসিজি করেন এবং তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। চিকিৎসকদের অবহেলায় বুলবুলের মৃত্যুর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন নার্সদের ডিউটি রোমের আসবাবপত্র ভাংচুর করে এবং নার্সদের বের করে দেয় । পরে দোষীদের শাস্তির দাবিতে বিকেল ৫টায় বাসাইল-সখীপুর সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

নিহতের মা রুবিয়া বেগম বলেন, আমার ছেলেকে হাসপাতালে ভতির্র পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার নিকট কোন ডাক্তার আসেনি। ডাক্তার আসলে আমার ছেলে মরতো না। তিনি কান্না বিজরিত কণ্ঠে আরো বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম বুলবুলকে হাসপাতালের ডাক্তাররা মেরে ফেলেছে।

এব্যাপারে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালী খাতুন বলেন, ডাক্তার বা নার্সের অবহেলার কারণে যদি রোগীর মৃত্যু হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসাইল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রিপোটটি লেখা পর্যন্ত ( রাত পৌনে ৮টা) উত্তেজিত লোকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালী খাতুনসহ অন্যান্যদের অবরুদ্ধ করে রাখে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




