
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শামীম আল হোসেন সাগর (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার কাশিল ইউনিয়নের বাহাতৈর এলাকায় হাইড ফিড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম আল হোসেন সাগর বাসাইল পৌরসভার পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাগর তার মোটরসাইকেলের পেছনে আরও একজনকে নিয়ে বাসাইল থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা এসে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগরের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরেকজনকে দ্রুতই হাসপাতালে পাঠানো হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে, একই স্থানে শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
বাসাইলসংবাদ, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






