
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আশরাফ আলী নামের এক ভুয়া যুগ্ম সচিবসহ দুইজন আটক হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার এ তথ্যটি নিশ্চিত করেন।

যুগ্ম সচিব পরিচয়দানকারী আশরাফ আলী দিনাজপুর জেলার খানসাবা উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। অপর সহযোগী মুমিন আকন্দ গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর খইবাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে উঠালে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার প্রতারক আশরাফ আলী খানকে এক বছর ও সহযোগী মুমিন আকন্দকে এক মাসের কারাদ- প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার জানান, বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আশরাফ আলী বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের প্রতারনা করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। পরে তিনি নিজেকে যুগ্ম সচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে চান। গনশুনানী চলার সময় তিনি নিজেকে যুগ্ম সচিব পরিচয় দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারীদের সন্দেহ হয়। পরে তারা তাকে বসতে বললে তিনি আরও উত্তেজিত হয়। এক পর্যায়ে গোপনীয় শাখার কর্মচারীদের হুমকী-ধামকী প্রদান করে। পরে জোর করেই জেলা প্রশাসকের কক্ষে গিয়ে নিজেকে যুগ্ম সচিব পরিচয় দেয়। এসময় জেলা প্রশাসকের সন্দেহ হলে জেলা প্রশাসক পুলিশ ও তার কার্যালয়ের কর্মরত কর্মকর্তাদের ডাকেন। পরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রতারক চক্রের মুখোশ বেরিয়ে আসে। বাইরে অপেক্ষামান প্রতারক চক্রের অপর সদস্য মুমিন আকন্দকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আশরাফ বিভিন্ন মানুষের কাছ থেকে চাকুরীর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।




