
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘বাংলাদেশের সরকারি দলের কয়েকটি রাজনৈতিক দল ছাড়া আজ সকল রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ও বেগম খালেদা জিয়ার তত্ত¡াবধায়নে ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলন শুরু হয়েছে। এ বছরের ডিসেম্বরের ভেতরে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। এরপর নির্বাচনকালীন সরকার হবে। নির্বাচনকালীন সরকারের অধীনে জনগণ ভোট দিবে। জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে সরকার গঠন করবেন। সোমবার (৩০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম সাহাদত বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা নাকি বিপ্লব করতে চাই। আমরা কোনও বিপ্লব করতে চাই না। আমরা জনগণের অধিকার পূণরুদ্ধারে সংগ্রাম করতে চাই। আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামে বাঁধা দিবেন না। ভয়াবহ পরিণতি হবে। সরকারের সময় শেষ হয়ে গেছে। বিদায় ঘণ্টা বেজে গেছে। শুধু যাবার জন্যে সরকার নতুন করে শেষ অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। আপনারা জানেন- সারা বাংলাদেশে কী নির্যাতন হচ্ছে। সরকারের নির্যাতনে সারাদেশে শতশত নেতাকর্মী আবার হামলা ও মামলার শিকার হচ্ছে। কিন্তু একটা নেতাকর্মীও ঘরে বসে নেই। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। শুধু বলবো- জনগণ আপনাদেরকে চায় না। তাই আপনারা ক্ষমতা থেকে সরে যান। নিরপেক্ষ-নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। যদি দেরি করুন- পরিস্থিতি ভয়াবহ হবে। পালানোর সুযোগ কিন্তু পাবেন না।’
তিনি আরও বলেন, ‘জানি-অনেকের কাছে শুনি, পাসপোর্ট ভিসা অনেকে করে রেখেছেন। কিন্তু পাসপোর্ট ভিসায় লাভ হবে না। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পালাতে পারেনি- আপনারাও পালাতে পারবেন না। তাই সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করুন।’
বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব নুরনবী আবু হায়াত খান নবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুন আল জাহাঙ্গীর, যুগ্ম-আহবায়ক রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু, যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াদুদ খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান তুহিন।
বাসাইলসংবাদ/ ৩০ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




