
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সুমন আকন্দ (৪০)। তিনি বরিশালের কতুয়ালি থানার কাওয়ার চর গ্রামের মকবুল আকন্দের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, ২০১৯ সালের ৩১ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) টাঙ্গাইল শহরতলীর নগরজলফৈ এলাকায় চেক পোস্ট স্থাপন করে। দণ্ডিত ব্যক্তি ওই চেক পোস্টের কাছে আসার পর তাকে তল্লাশির জন্য র্যা ব সদস্যরা সংকেত দেয়। এ সময় তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যা ব তাকে আটক করে। এ সময় তার ব্যাগ থেকে চারটি জিহাদি বই, একটি স্টিলের ছোড়া, একটি চাকু, লোহার বাটালসহ কিছু দেশীয় অস্ত্র ও মেকানিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সদস্য বলে স্বীকার করেন। তিনি ঢাকার রামপুরা এলাকায় অবস্থান করে জঙ্গীবাদের বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিলেন। নাশকতার উদ্দেশ্যে টাঙ্গাইল এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছিলেন।
তিনি আরও জানান, আটকের পর র্যা ব -১২ এর ৩ নং কোম্পানীর উপসহকারি পরিচালক নাজিম উদ্দিন বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সুমন আকন্দকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত সুমন আকন্দকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
বাসাইলসংবাদ/ ৩০ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




