
বাসাইলসংবাদ: শনিবার, ০৪ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সাদিয়া আফরিন (১৫) নামের এক স্কুলছাত্রী নিহতের ঘটনায় ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার (০৪ আগস্ট) সকাল ১০ টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এসময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। অবরোধকারীরা ঘাতক পিকআপ চালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবি জানান।
কর্মসূচিতে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী যোগ দেয়। এ সময় জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল সদর সার্কেল এএসপি মনিরুল ইসলাম, সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সাদিয়া আফরিন হত্যাকারী পিকআপ চালক ও গাড়ীর মালিকের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, শুক্রবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে মুমূর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদিয়া উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ও বেলতলী গ্রামের আজহারুল হকের মেয়ে।
সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন, অভিযুক্ত পিকআপ চালককে গ্রেফতার করা হয়েছে।
বাসাইলসংবাদ/একে




