
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বিএনপি’র উদ্দেশে বলেছেন, দেশে একটি খেলা এখন সময়ের অপেক্ষা। সেই খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অসাম্প্রদায়িক শক্তি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির। একাত্তর, পঁচাত্তর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবার খুনখারাপির খেলা শুরু করেছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় একুশে গ্রেনেড হামলার আসামীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে শামীম ওসমান আরও বলেন, ‘তারাও খেলায় নামবেন। সেই চূড়ান্ত খেলায় খুনিরা পরান্ত হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার জয়লাভ করবে। শেখ হাসিনা শুধু দেশের সম্পদ নয়, আগামী প্রজন্মের জন্য আইডল। তিনি হেরে গেলে বাংলাদেশ পথ হারাবে। বাংলাদেশের পরিস্থিতি হবে আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। আমাদের সামনে এই যে মরণপন খেলা অপেক্ষা করছে সেটির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। সকলকে মাঠে নেমে খেলতে হবে। আর খেলায় খুনিরা নিশ্চিত হেরে যাবে।’
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল মোমেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এমপি তানভীর হাসান ছোটমনির, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৯ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




