
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ আরজু মিয়া (৪৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া গ্রামের আটককৃত আরজু মিয়ার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আটককৃত আরজু মিয়া ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে মির্জাপুর থানা পুলিশ স্বল্প মহেড়া গ্রামে অভিযান চালিয়ে আরজু মিয়াকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী নিজ বাড়ি থেকে দুইটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, দুইটি চাইনিজ চাপাতি, ছয়টি ষ্টীলের চাকু, একটি প্লাষ্টিকের বাটসহ ষ্টীলের করাত, একটি ধারালো ছুরি, একটি ডেগার, একটি রামদা ও একটি লাগেজ উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মুনসুর মুসা বলেন, আটককৃত আরজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আরজু দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।
বাসাইলসংবাদ, ১৫ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




