
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মানুষের ঢল নামে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দলে দলে মানুষ এসে হাজির হন শহীদ বেদিতে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
…বাসাইলসংবাদ/২১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




