
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জিপ গাড়ি রেখে পালিয়ে গেছে দেশীয় অস্ত্র সজ্জিত ৫-৭ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ডাকাতদল বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলী নলগাইরা বাজারে গাড়ি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃৃষ্টি হয়।

এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডাকাতদলের ব্যবহত জিপগাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে।
বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী একটি জিপগাড়িকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়ির চালক আমাকে চাপা দেয়ার চেষ্টা করে। গাড়িটি বাসাইল সড়কের তিনরাস্তার মোড় থেকে পাথরঘাটার দিকে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ডাকতদলের ফেলে যাওয়া জিপগাড়িটি নলগাইরা বাজার থেকে জব্দ করে থানায় আনা হয়েছে। এঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হবে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসলে ডাকাতদল গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে দুই গরু ব্যবসায়ীকে তাদের জিপ গাড়িতে তুলে। এসময় আশেকপুর বাইপাইসে কর্তব্যরত পুলিশ দেখতে পেলে তাদেরকে ধাওয়া দেয়। পরে দুই গরু ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে রেখে ডাকাতদল বাসাইলের দিকে পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
বাসাইলসংবাদ, ০২ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






