
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরা দিয়ে বাসার মালিকের মেয়ের গোসলের দৃশ্য ধারণ করার অভিযোগে হিমেল সিকদার (২৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু এ তথ্যটি নিশ্চিত করেছেন।

হিমেল উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও থলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বুধবার (২০ জানুয়ারি) রাতে উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানান, প্রায় আট মাস আগে হিমেল সিকদার প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে করেন। বিয়েটি তাদের পরিবারের সদস্যরা মেনে না নেয়ার কারণে তারা মির্জাপুর ইউনিয়ন পাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। হিমেল কয়েকদিন ধরে গোপন ক্যামেরার মাধ্যমে ওই বাসার মালিকের মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। এছাড়াও ওইদিন রাতে বাসার ভাড়াটিয়া দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করতে ঘরের ধরণার সঙ্গে গোপন ক্যামেরা সাটাতে যায়। এসময় ওই দম্পতি দেখে ফেলেন। পরে ভাড়াটিয়া ও বাসার মালিক আসলে তাদের চাপে হিমেল গোপন ক্যামেরার কথা স্বীকার করে। এছাড়াও তার মুঠোফোন থেকে বাড়ির মালিকের মেয়ের গোসলের পাঁচটি ভিডিও দেখতে পান ভাড়াটিয়ারা। এঘটনায় বৃহস্পতিবার বাসার মালিকের স্ত্রী বাদি হয়ে ওই ছাত্রলীগ নেতা হিমেল সিকদারকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান বলেন, ‘হিমেলকে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে তাকে বহিস্কারের জন্য কেন্দ্রীয়য় কমিটিতে সুপারিশ করা হয়েছে।’
ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, ‘এঘটনায় বাসার মালিকের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত হিমেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হিমেল ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার মুঠোফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২১ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




