
বাসাইলসংবাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার আহত ভ্যানচালক মিনু মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুলাই) সকালে তার মৃত্যু হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত মিনু মিয়া ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের কুরবান আলীর ছেলে।
ওসি হাসান আল মামুন বলেন, ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার ভ্যানচালক সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ২১ জুলাই বিকেলে তিনি গণপিটুনির শিকার হন। পরে এ ঘটনায় আহতের ভাই থানায় মামলা দায়ের করলে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই বিকেলে ভ্যানচালক মিনু মিয়া কালিহাতীর সয়া হাটে মাছ ধরার জাল কিনতে যায়। এসময় ছেলেধরা সন্দেহে তাকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আটদিন চিকিৎসার পর অবশেষে তার মৃত্যু হয়।
বাসাইলসংবাদ/একেবি




