
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী এনামুল করিম অটলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কেন্দ্র থেকে। কেন্দ্র থেকে ঘোষণা দিলেও এনামুল করিম অটল নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করছেন।
জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামছুল আলম বলেন, বিএনপির নীতি নির্ধারকের পক্ষ থেকে বিষয়টি তাকে ফোনে জানিয়েছেন। বিএনপির মহা সচিব বা নির্ধারিত কোন নেতার সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তিনি শুধু নীতিনির্ধারকের কথাই বলেন। তবে গত দুদিন আগে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর গুঞ্জণ ফেসবুকে প্রকাশ হওয়ায় এক সাক্ষাৎকারে বিএনপির মহা সচিবের সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন জেলা বিএনপির এই নেতা।
নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কায় প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে বলেও বিএনপির এই জেলা সভাপতি জানান।
উপজেলা বিএনপির সভাপতি মেয়র প্রার্থী এনামুল করিম অটল বলেন, ‘কেন্দ্র থেকে এ বিষয়ে একটি ঘোষণা এসেছে। তারপরও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। এ নির্বাচনে আমার অবস্থা সবার চেয়ে ভালো।
নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে তিনিই বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’
কৃষকশ্রমিক জনতালীগ মনোনীত মেয়র প্রার্থী রাহাত হাসান টিপু বলেন, ‘এই বিষয়টি আমিও শুনেছি। তারা কি সিদ্ধান্ত নিবে এটা আমার জানা নেই। এটা সম্পুর্ণ বিএনপির ব্যাপার।’
বিএনপি প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থীর হয়ে কাজ করার গুঞ্জনও শোনা যাচ্ছে। বিএনপির প্রার্থী যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং দলটির সমর্থন কৃষকশ্রমিক জনতালীগের প্রার্থী রাহাত হাসান টিপুর ওপর থাকে তাহলে গামছা প্রতীকের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
এর আগে রোববার (২৪ জুন) বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষকশ্রমিক জনতালীগের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপুকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল করিম অটলের সমর্থন দেয়ার গুঞ্জণ উঠে। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেলের ফেসবুক ওয়ালেও বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেখা যায়।
এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিম আহমেদ ভোট লড়াইয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
উল্লেখ্য, পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন। আগামী ৩০ জুন এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/একে




