
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, আগুন দেওয়ার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন বাসাইল স-মিল এলাকায় দ্বিতীয়তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচ তলার দরজায় পেট্টোল দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এসময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ে ভবনটির দুইটি দরজা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরণের ক্ষতি হয়নি। দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সামনের গেইটে বোতল দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
বাসাইলসংবাদ, ১৭ নভেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




