
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী বেগম নামের এক গৃহবধু। চারজনের মধ্যে এক ছেলে ও তিনজন মেয়ে সন্তান রয়েছে। মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেলে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দেন।

গৃহবধু বিথী বেগম জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর স্ত্রী।
জানা গেছে, বিথী বেগম প্রসবের ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিকভাবে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় মঙ্গলবার সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে বিথী বেগমের চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান রয়েছে। ওই গৃহবধু ও তার চার সন্তানই সুস্থ রয়েছে। বর্তমানে নবজাতক শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন ও ডেপুটি পরিচালক (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. আলী আহসান বলেন, ‘মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছে। শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সুস্থ রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বাসাইলসংবাদ, ১৩ মে, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




