
নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘মুজিবনগর দিবস সর্বজনীন। এটি কোন একক দল বা গোষ্ঠীর নয়। সরকার, বিরোধী দল, সবাইকে এ দিবসের গুরুত্ব উপলব্ধি করতে হবে। মুজিবনগর না হলে স্বাধীনতা অর্জন এত সহজ হতো না।’ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিÑ এটা সত্য। কিন্তু স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ আমরা এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। স্বাধীনতা কোন দল বা মতের নয়, এটি সমগ্র দেশের, সকল মানুষের।’
তিনি আরও বলেন, ‘মানুষের সেবা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করা হয়েছে। আমার দল বঙ্গবন্ধুর দল, মাওলানা ভাসানীর দল। আমি সেই আওয়ামী লীগের সদস্য ছিলাম, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও ভাসানী গড়ে তুলেছিলেন।’
তিনি বলেন, ‘১০ এপ্রিল গঠিত প্রবাসী সরকার ১৭ এপ্রিল মুজিবনগরে শপথ গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সুসংগঠিত করে। মুজিবনগর সরকার সঠিক নেতৃত্ব দিতে না পারলে মুক্তিযুদ্ধ এত সফল হতো না’
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, আব্বাস আলী মাস্টার, সাংগঠনিক স¤পাদক তুহিন সিদ্দিকী, ডা. জাবেদ, বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী মাস্টার, ছাত্রনেতা শেখ সাদী প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৭ এপ্রিল, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






