
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মূখর হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। চলছে চায়ের চুমুকে ভোটের হিসেব। পোস্টারে ছেঁয়ে গেছে গোটা নির্বাচনি এলাকা। চলছে মাইকিং। মেয়র ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মনজয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটারাও যোগ্য প্রার্থী বাছাইয়ে করছেন নানা হিসাব-নিকাশ। তবে, সাধারণ ভোটাররা সন্ত্রাস, মাদকমুক্ত ও উন্নয়নশীল আধুনিক পৌরসভা গড়ার ব্যাপারে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন বলে জানিয়েছেন।

এই পৌরসভায় এবার ভোটযুদ্ধে মেয়র পদে লড়ছেন তিনজন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০জন। মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস শোনা যাচ্ছে।
এ পৌরসভায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ (নৌকা), কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু (গামছা) ও উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্রপ্রার্থী এনামুল করিম অটল (নারিকেল গাছ)। এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটব্যাংকের হিসেবে মেলাতে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ামহল্লায় চলছে হিসাব-নিকাশ। তবে এই হিসেব মেলাতে সবাইকে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অবস্থানই শক্ত। তবে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটব্যাংক নড়বড়ে হলে বেকায়দায় পড়বেন তিনি। অন্যান্য সময়ের ভোটের সমিকরণ আর এবারের সমিকরণ ভিন্ন। অনেকের ভোটব্যাংকের হিসেব মিলবে না। মুখে ভোটব্যাংকের জোর থাকলেও ভেতরে সমর্থন দিচ্ছেন অন্য প্রার্থীকে। এমনটাই ধারণা সাধারণ ভোটারদের।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আমরা সকল প্রকার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি বিগত সময়ের মতো এবারের নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে।’
প্রসঙ্গত, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০জন। ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্র রয়েছে। আর ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৫৩টি। আগামী ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ, ০৮ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




