
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচন কার্যালয়ের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার সখীপুর সার্কেল এম এম রকীব উর রাজা, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী রাহাত হাসান টিপু ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এনামুল করিম অটল। এসময় বাসাইল পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্ব›দ্বী সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলাসহ ইভিএমে ভোটদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাসাইল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবি জানান। প্রশাসনের কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু, সুন্দর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে শেষ করার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, আগামী ২১ জুন এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে লড়ছেন তিনজন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১০জন।
বাসাইলসংবাদ, ০৭ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




