
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল থানার আয়োজনে ইউনিয়ন ওয়ারী সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে উপজেলার ফুলকি ইউনিয়নে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা নতুন বাজারে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ওসি মোস্তাফিজুর রহমান মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান ওসি।
বাসাইলসংবাদ, ০৩ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




