
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিসের পোস্ট মাষ্টার মজিবর রহমানকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। রবিবার (১৭ মে) দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবৃদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

কালিহাতী সদর উপজেলা পোস্ট মাষ্টার আব্দুল মোমিন বলেন, ‘দুপুর দেড়টার দিকে পোস্ট মাষ্টার মজিবর রহমান কালিহাতী পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকাসহ রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বল্লা সাবপোষ্ট অফিসের যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় মজিবর রহমানের ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় আমরা অফিসিয়ালি আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি।’
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সকল রোড ট্র্যাকিং করা হয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।’
…বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




