
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে ইসলাম ও নবীকে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে স্থানীয় শরিয়ত বয়াতী নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৭ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার জামুর্কী ইউনিয়নের ড. খন্দকার আয়েশা রাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসুল্লি অংশ নেয়। সমাবশে চলাকালীন সমাবেশ স্থলে মোতায়েন ছিল প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা ওলামা পরিষদের সভাপতি ও টাঙ্গাইল ধলেরচড় কওমি মাদ্রাসার প্রধান হযরত মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ঈমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি ও কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাওলানা শামছুজ্জামান, মুফতি আব্দুর রহমান, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ।
সমাবেশে বক্তারা শরীয়ত সরকারকে দ্রুত আইনে আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়ে প্রয়োজনে নিজেরাই শরীয়ত সরকারের বিচার করবেন বলে জানান।
সমাবেশ চলাকালীন উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আহাদুজ্জামান মিয়া, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আহাদুজ্জামান মিয়া জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শরীয়ত সরকার আত্মগোপনে রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনার। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো।
উল্লেখ্য, উপজেলার জামুর্কী ইউনিয়নের আগ ধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে বয়াতী শরিয়ত সরকার গত ২৩ ও ২৪ ডিসেম্বর মানিকগঞ্জে পালা গানের একটি অনুষ্ঠানে ইসলাম, মহানবী , মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর বক্তব্য রাখেন বলে অভিযোগ উঠে। সেই বক্তব্য ইউটিউবের মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়ে গেলে মির্জাপুরের ধর্মপ্রাণ মুসুল্লি তার বিচার দাবিতে ফুঁসে উঠেন। তারই ধারাবাহিকতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ/০৭ জানুয়ারি/একেবি




