
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ককটেল ফাটিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে রেখা জুয়েলার্সের স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে মধুপুর পৌর শহরের জনবহুল সাথী রোডস্থ রেখা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

দোকানের মালিক দুলর্ভ কর্মকার বলেন, ‘প্রথমে দুই ব্যক্তি দোকানে ক্রেতা সেজে বিভিন্ন রকমের অলঙ্কার দেখতে থাকেন। পরে একটি প্রাইভেটকার দোকানের সামনে এসে দাঁড়ানোর পর হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় দোকানে লুটপাট করতে থাকে ডাকাত দলের সদস্যরা। বাধা দিতে গেলে দুই কর্মচারীকে বেদম পিটুনি দেয় তারা। এ সময় ডিসপ্লেতে রাখা স্বর্ণালঙ্কার লুটে ওই গাড়িতে করে তারা মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫০-৬০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। কী হচ্ছে বোঝা যায়নি। মুহূর্তের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।
ওসি তারিক কামাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় অজ্ঞাতনামা ১০-১২জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। স্বর্ণালঙ্কার কি পরিমাণে লুট হয়েছে তা এখনও বের করা যায়নি। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।’
…বাসাইলসংবাদ/০৭ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




