
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে গত দুই দিন ধরে অনশন শুরু করেছেন ঢাকার এক তরুণী। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা চৌরাস্তা গ্রামের শামসুল হক মধু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী প্রেমিক আনোয়ার হোসেনের বাড়িতে এ অনশন শুরু করেন। এদিকে ওই তরুণী বাড়িতে আসার খবর পেয়ে প্রেমিক আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে।

ওই তরুণীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক তরুণীর মুঠোফোনের মাধ্যমে প্রেম হয়। প্রেমের সূত্র ধরে গত এক বছর আগে তারা কাবিন রেজিস্ট্রিমূলে বিয়ে করেন। এ বিয়ে মুঠোফোনের মাধ্যমে হলেও গত ৩ সেপ্টেম্বর প্রেমিক আনোয়ার হোসেন মালয়েশিয়া থেকে দেশে এসে কাজী অফিসে নিজে ওই কাবিনে সাক্ষর করেন।
পরে ঢাকায় ওই তরুণীর বাসায় ৫দিন অবস্থানের পর কিছু না বলেই উধাও হয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ কারণে তিনি প্রেমিক আনোয়ারের গ্রামের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অবস্থান নিয়েছেন।
ওই তরুণী বলেন, ‘স্বামী আনোয়ারের খোঁজে তার বাড়িতে আসায় আনোয়ারের স্ত্রী ও অন্যরা আমাকে ব্যাপক মারপিট করেছে। স্ত্রীর মর্যাদা না পাওয়া পর্যন্ত এ বাড়ি থেকে যাবো না।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, ‘অনশনরত তরুণীর সঙ্গে কথা বলেছি। সার্বিক বিষয়াটি ওই তরুণী কাছ থেকে শুনেছি। প্রেমিক আনোয়ার হোসেন পলাতক থাকায় কোনও সিদ্ধান্ত নিতে পারছি না।’




