
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া ও টাকা চাওয়ায় মোশারফ মিয়া (২৫) নামের সৌদী প্রবাসী এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। খুনের দেড় মাস পর বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গজারিয়া বিলের মধ্য থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত যুবক ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইদারচালা নয়াবাড়ি গ্রামের সেকান্দর আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকালে ঘাটাইল উপজেলার কদমতলী গরুর হাট থেকে ফেরার পর রাত ৯ টার দিকে নিখোঁজ হন মোশারফ মিয়া। পরদিন ঘাটাইল থানায় নিখোঁজ জিডি করা হয়। জিডি ও মোবাইলের কললিস্টের সূত্র ধরে প্রতিবেশী নাছিমা (৩৫)কে ১৬ আগস্ট রাতে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মোশারফের সাথে পরকীয়ার কথা স্বীকার করেন নাছিমা। গত ৪ আগস্ট রাতে মোশারফকে ডেকে নিয়ে নাসিমা ও তার ভাই আকতার মিলে তাকে খুন করে। মঙ্গলবার (১৭ আগষ্ট) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নাছিমা। পরে তার দেয়া তথ্যমতে নিহতের লাশটি উদ্ধার করা হয়। এদিকে নাছিমার ভাবী আকতারের স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্যতম আসামি নাছিমার ভাই কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে ভিয়াইল মাদ্রাসার শিক্ষক আকতার হোসেন পলাতক রয়েছেন।
মামলার বাদী নিহত মোশারফের ছোট ভাই সজিব মিয়া বলেন, ‘২০১২ সাল থেকে আমার ভাই সৌদীতে ছিলেন। তিনি কষ্টার্জিত অধিকাংশ টাকা-পয়সা নাছিমাকে পাঠিয়েছেন। এবার রমজান মাসে দেশে ফিরে টাকা ফেরত চাইলে নাছিমা ও তার ভাই মিলে আমার ভাইকে নির্মমভাবে খুন করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।’
ওসি হাসান আল মামুন বলেন, ‘এঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যতম আসামি নাছিমার ভাই আকতার হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।’




