
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে নীলিমা (১৭) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নীলিমা উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে। সে উপজেলার নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী।

এদিকে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নীলিমাকে দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ প্রায় ৩০জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদী পার হচ্ছিল। এসময় নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে ডুবে যায়। অন্যান্যরা সাতরিয়ে তীরে উঠতে পারলেও নীলিমা ডুবে নিখোঁজ হন। এঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে বিপাশা নামের এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগামীকাল সোমবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে পূণরায় উদ্ধার তৎপরতা চালাবে।
বাসাইলসংবাদ/একেবি




