
বাসাইলসংবাদ: শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় ট্রাক চাপায় নাফিজা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহতের ঘটনায় করটিয়া বাজার এলাকা উত্তাল। নাফিজার সহপাঠী, সচেতনমহল, বিক্ষুব্ধ জনতা ও স্থানীয়রা শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকেই করটিয়ায় সকল প্রকার যানচলাচল বন্ধ করে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষুব্ধ জনতা ওই ট্রাক চালকের কঠোর শাস্তি ও করটিয়া বাজার সড়কের পাশে সকল অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানান। পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে দুপুর পৌনে ১২টার দিকে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালকের কঠোর শাস্তি ও সড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা তাদের অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে করটিয়া আবেদা খানম স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী নাফিজা আক্তার কোচিং শেষ করে বাসায় ফেরার পথে করটিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নাফিজা বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে।

ঘাতক ট্রাক চালক জুলহাস
এ ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের কফিল উদ্দিনের ছেলে জুলহাস (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
বাসাইলসংবাদ/একে




