
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘৫ তারিখ স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটিকে ঐতিহাসিকভাবে সংরক্ষণের জন্য আমি মনে করি ৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হবে এ দেশের মানুষের জন্য। সে জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দল মানসিক এবং সাংগঠনিকভাবে প্রস্ততি করছে। শনিবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলাতে সাকসেস একাডেমিক স্কুল এন্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, তিনি যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন, সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয় সে জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত ৩টি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।
তিনি আরও বলেন, ‘আমরা যেমন ৫ আগস্ট ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি। তেমনি ৫ সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়, এখনও প্রায় ৬ মাস বাকি রয়েছে। এরমধ্যেই প্রয়োজনীয় সংস্কার এবং কাঠামোগুলো শেষ করে ৫ সেপ্টেবরের মধ্যে যদি তসফিল ঘোষণা করা হয়, তাও ৩ মাস সময় থাকবে ৫ ডিসেম্বর নির্বাচন করার।’
নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, ‘নতুল দলকে স্বাগত জানানোর জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই ওই দলসহ কোন দল নির্বাচনে আসবে বা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তাকেই আমরা স্বাগত জানাবো। তবে আমরা মনে করি সকল দল একত্রে হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্ততি নিবেন।’
আহমেদ আযম খান বলেন, ‘দুই একটি দল নির্বাচনের বিরোধীতা করছে। যারাই সংসদ নির্বাচনের আগে অন্য স্থানীয় নির্বাচনের কথা বলছে, এতে বোঝা যায় তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা মানুষের ভোটের অধিকারকে ভয় পায়।’
প্রতিষ্ঠনের প্রতিষ্ঠাতা ছানোয়ার খান নাঈমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সোরহাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সোরহাব হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ, ০২ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






