
নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ সোমবার ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ঢাকায় সঙ্গে থাকা কামরানের ছোট ভাই মাসুক উদ্দিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল। আজকেই কামরানের মরদেহ সিলেটে নিয়ে আসা হবে বলে তাৎক্ষিণকভাবে জানান মেহেদী কাবুল।
কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম বলেন, ‘প্লাজমা থেরাপি দেওয়ার পর স্যার (কামরান) অনেকটা ভালো বোধ করছিলেন। তার অবস্থারও উন্নতি হচ্ছিলো। তবে রোববার মধ্যরাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হয়। তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। এরপর আজ সোমবার ভোরের দিকে মারা যান।’
সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র কামরান গত ৫ জুন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে গত ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিলে।
তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের টানা ১৭ বছরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
প্রসঙ্গত, গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানের নমুনা পরীক্ষাতেও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি বর্তমানে অনেকটা সুস্থ এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পরিবার।
…বাসাইলসংবাদ/ ১৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




