
বাসাইলসংবাদ: রবিবার, ০৫ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের সখীপুরে ৮কেজি গাঁজাসহ মোসলেম উদ্দিন ভূইয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (০৪ মে) গভীর রাতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (০৫ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ ভুইয়ার ছেলে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় নীল রংয়ের ট্রাভেলিং ব্যাগের ভিতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ৮কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোসলেম উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম গাজীপুরের টঙ্গীতে বাসা ভাড়া করে অভিনব কৌশল অবলম্বন করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকায় ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে ৭দিনের রিমা- চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।’
বাসাইলসংবাদ/একেবি




