
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে আইনি নোটিশ (লিগ্যাল) দিয়েছেন চার প্রধান শিক্ষক। তিন বছর মেয়াদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটিকে অবৈধ দাবি করে এ নোটিশ দেওয়া হয়। রবিবার ওই নোটিশের চিঠি তাদের কাছে এসে পৌঁছেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, গত ৩০ জুলাই ৩ বছরে জন্যে গঠিত বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০ দিন আগে সমিতির নির্বাচনের প্রস্তুতি ও ২১দিন আগে সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তা না মেনে এক তরফাভাবে বর্তমান কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে, যা অবৈধ ও অগঠনতান্ত্রিক। মেয়াদ বাড়ানোর প্রতিবাদ করায় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম হোসাইন, গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ ও নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামকে দুই দফায় কারণ দর্শানো নোটিশ দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
নোটিশে ওই চার শিক্ষকের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি ও সমিতি পরিপন্থী বিবিধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়। পরে গত ২৫ সেপ্টেম্বর ওই চার প্রধান শিক্ষকের সই করা টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী রফিকুল ইসলামের মাধ্যমে সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহকে আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এসব বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ওই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।
নাকশালা জমির উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম বলেন, আমরা চাই আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত নির্বাচন দেওয়া হোক। গঠনতন্ত্র মোতাবেক নিরপেক্ষ অডিট কমিটি গঠন ও সকল পদে নির্বাচন চাই। মেয়াদহীন কমিটির মেয়াদ অবৈধভাবে বৃদ্ধি করার প্রতিবাদ করায় আমাদেরকে বহিস্কারের হুমকি দেওয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




