
বাসাইলসংবাদ: বুধবার, ০৮ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ফজলুল হক ফন্নু ও তার স্ত্রী রালিমা বেগমকে সখীপুর পৌর এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার (০৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসা থেকে রালিমা বেগমকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করে। পরে তার স্বামী ফজলুল হক ফন্নুকেও আটক করে। এ ঘটনায় সখীপুর থানার এসআই শামছুল হক বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
জানা যায়, ফজলুল হক ফন্নু বাসাইল উপজেলার সুন্না পূর্ব পাড়ার আনছের আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে স্বপরিবারে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকে। সে বাসাইল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ।
বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ফজলুল হক ফন্নু দীর্ঘদিন ধরে আওয়ামী সংগঠনের সাথে সম্পৃক্ত এটা অস্বীকার করার উপায় নেই। বর্তমান উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্বপ্রাপ্ত রয়েছে। কিন্তু তার অপকর্মের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায়, জরুরি সভার মাধ্যমে তাকে দল থেকে বহিস্কার করা হবে। আওয়ামীলীগে কোনও দুষ্কৃতিকারীর স্থান নেই বলেও তিনি জানান।
পুলিশ জানায়, রালিমা বেগম দির্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে সখীপুরসহ আশপাশের উপজেলায় বিক্রি করে আসছে। বুধবার সকালে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে রালিমা সখীপুরে আসছে এমন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশ তার বাসার আশপাশে অবস্থান নেয়। পরে রালিমা বাসায় ঢুকতেই তাকে ইয়াবাসহ আটক করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী রালিমা ও তাঁর স্বামী ফজলুল হক ফন্নুকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আদালতের কাছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান চেয়েছেন।’
বাসাইলসংবাদ/একে




