
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে চার প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখা। সমিতির গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে অংশ নেওয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের নামে গত রবিবার এ নোটিশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন- উপজেলার গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া,সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ।
সমিতির সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ জানান, এর আগেও গত ৫ সেপ্টেম্বর একই ধরণের অভিযোগে তাদের শোকজ চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির জবাব না দেওয়ায় পুনরায় তাদের নামে চিঠি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন বলেন, আমরা সমিতির গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ করিনি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা নিয়মতান্ত্রিকভাবে যথাসময়ে সমিতির নির্বাচন দাবি করেছিলাম। এ কারণে একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হয়েছে। এসময় তিনি মেয়াদ শেষ হওয়ার পরও কিভাবে কমিটি বহাল থাকে এ প্রশ্ন তোলেন।
সমিতির বর্তমান সভাপতি শহীদুল ইসলাম বলেন, ওই চার প্রধান শিক্ষককে সমিতির সাধারণ সভার সিদ্ধান্তে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।




