
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে সাবেক মেম্বারের বাড়িসহ একই গ্রামের ৩ বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাশারচালা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

জানা গেছে, উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাশারচালা পশ্চিমপাড়া এলাকার সাবেক মেম্বার জয়নাল আবেদীনের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, একই গ্রামের সোহরাব আলীর বাড়ী থেকে ২ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা এবং সলিম উদ্দিনের বাড়ি থেকে একটি স্মার্টফোন চুরির ঘটনা ঘটে।
সাবেক মেম্বার জয়নাল আবেদীন বলেন, ‘প্রতিদিনের মতো আমার শোয়ার ঘরের পাশের ঘরে পালসার মোটরসাইকেলটি রেখে শুয়ে পড়ি। সকালে ওঠে দেখি দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে গিয়ে দেখি মোটরসাইকেলটি নেই। এই ইউনিয়নে প্রতিদিনই কোন না কোন গ্রামে চুরির ঘটনা ঘটছে।’
এদিকে, এক রাতে তিন বাড়িতে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাবুল মিয়া বলেন, ইদানীং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চুরি প্রতিরোধে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বাসাইলসংবাদ, ৩০ ডিসেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






