
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘দেওয়ান বেকারি’ নামের এক কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ক্যাপ্টেন মোড় এলাকায় অবস্থিত ওই বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, পৌর শহরের ক্যাপ্টেন মোড় এলাকায় দেওয়ান বেকারি মালিক মো. মিন্টু দেওয়ান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্যের মধ্যে রং বা দেহের ক্ষতিকারক পাউডার মিশিয়ে বেকারির পণ্য তৈরি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই বেকারি কারখানায় অভিযান চালায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য তৈরি করার অপরাধে বেকারির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/একেবি




