
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনীর গণিত-১ বিষয়ের পরীক্ষায় উত্তরপত্রে রোল-রেজিস্ট্রেশন লেখার পর জানতে পারলেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে এমনই ঘটনা ঘটে জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে।

জানা যায়, ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের মাঝে উত্তরপত্র বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানতে পারে ‘ঘূর্ণিঝড় জাওয়াদের’ কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র উত্তোলন করে নেন। এসময় পরীক্ষার পরবর্তী সময়সূচি জানিয়ে দেয়া হবে বলে জানানো হয় শিক্ষার্থীদের। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।
শিক্ষার্থীরা জানায়, বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে এসেছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে আগেই যদি পরীক্ষা স্থগিত করা হত, তাহলে এ ভোগান্তিতে পড়তে হত না। পরিক্ষার পরবর্তী তারিখ আমাদের জানানো হয়নি।
নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব শামছুল আলম বলেন, ‘যথাসময়ে শিক্ষার্থীদের কাছে উত্তরপত্র বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লিখে ফেলে। হঠাৎ করে জানতে পারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে তা উত্তোলন করে নেয়া হয়েছে। তবে প্রশ্নপত্র খোলা হয়নি।’
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে সে মেসেজ পৌঁছে দেয়া হয়। মেসেজ পরীক্ষা কক্ষে পৌঁছার আগেই পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে।’
বাসাইলসংবাদ/ ০৬ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




