
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : না ফেরার দেশে পাড়ি দিলেন মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদাৎ হোসেন সুমন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-০৭ আসনের সাংসদ একাব্বর হোসেনের আপন চাচাত ভাই।
রাজনৈতিক জীবনে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, প্রেসক্লাব মির্জাপুর’র সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর এই অকালমৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু প্রমুখ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ যোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে।
…বাসাইলসংবাদ/১১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




