
বাসাইলসংবাদ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরেও ব্যাপকভাবে ডেঙ্গু আক্রান্তের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। বুধবার (৩১ জুলাই) বিকেল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৩ শিশুসহ ভর্তি হয়েছেন ১৭ জন। এছাড়াও বিগত তিন দিনে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় অর্ধশতাধিক বলে জানা গেছে। তবে তাদের মধ্যে অর্ধেক রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মির্জাপুর কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে ড. এবিএম আলী হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন ও পরবর্তীতে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়ার কথা ভাবছে বলে জানান কুমুদিনী হাসপাতালের জেনারেল ম্যানেজার অনিমেষ ভৌমিক।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত উপজেলার বহুরিয়া গ্রামের রুবেল মিয়া জানান, তিনি ঢাকার আগারগাওতে পড়াশোনা করেন। গত ২৬ জুলাই জ¦রাক্রান্ত হলে পরিক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। ঢাকায় আত্মীয়স্বজন কেউ না থাকায় গত ২৯ জুলাই তিনি নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাস জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তবে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ড. প্রদীপ কুমার রায় বলেন, যদিও দিনে দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে তবে এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। কুমুদিনীতে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে তিনি আশা করেন।
বাসাইলসংবাদ/একেবি




