
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আপন ভাগ্নিকে উত্ত্যক্তের অভিযোগে রাজিবুল (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাজিবুল টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, ছোট ভাই অসুস্থ থাকায় তার সাথে হাসপাতালে আছেন মা। বাড়িতে আর কোন লোক না থাকায় ৬ষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রী নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলো আপন নানার বাড়ি। কিন্তু সেই নানার বাড়িতেই ওই কিশোরীকে কুপ্রস্তাব দেয় তার আপন মামা রাজিবুল। রাজিবুল ওই কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতো, দিতো নানান কুপ্রস্তাব। আপন মামার কাছ থেকে এমন কুপ্রস্তাবে অতিষ্ঠ হয়ে উঠে ওই কিশোরী। বাধ্য হয়ে বৃহস্পতিবার বিকেলে তার মায়ের কাছে মামার বিরুদ্ধে অভিযোগ করে সে। আপন ভাইয়ের দ্বারা নিজ সন্তানের এমন সম্মানহানি মেনে নেননি ওই মা। হাসপাতালে বসেই তিনি ফোন করেন জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ। সেখান থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামকে বিষয়টি জানানো হয়। এরপর ওই যুবকের বাড়ি গিয়ে হাজির হন ইউএনও। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজিবুলকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘ওই কিশোরীর মা ৯৯৯-এ অভিযোগ করার পর সেখান থেকে আমাকে জানানো হয়। পরে সদর থানা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ঘটনার অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজিবুলকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। তার দুজন স্ত্রীও রয়েছে। পরে সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




