
বাসাইলসংবাদ: রোববার, ২৯ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের পুবাইল ডেপারপাড়া এলাকার স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালিয়ে জামায়াতের নেতাকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এসএম সানাউল্লাহ ও টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম খানও রয়েছেন। শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম খান টাঙ্গাইল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী, বাসাইল উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র ডিগ্রী মাদরাসার সহকারী অধ্যাপক। শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, এসময় তাদের কাছ থেকে ১৫টি পেট্রোলবোমা, চারটি ককটেল, বিভিন্ন জিহাদি ১৮টি বই উদ্ধার করা হয়। তারা নাশকতা চালানোর পরিকল্পনা করতে সেখানে সমবেত হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
বিএনপি মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঘটনাটি সাজানো। বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে পূবাইল ভাদুন এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনি সভা থেকে তাদেরকে জেলা পুলিশ গ্রেফতার করে। সানাউল্লাহ গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মেয়র পদপ্রার্থী ছিলেন। তিনি গত ২৩ এপ্রিল নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেন।
বাসাইলসংবাদ/একে




