
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে টিটু মিয়া (৪০) নামের এক বখাটের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে উপজেলার দাপনাজোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত টিটু মিয়া একই এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। বলাৎকারের শিকার ওই শিশুটি উপজেলার দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুুপুরে ওই স্কুলছাত্র স্থানীয় সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। গোসল শেষে সহপাঠীরা চলে গেলে ওই ছাত্র একাই বাড়ী ফিরছিল। এ সময় বখাটে টিটু মিয়া ওই শিশুটিকে মুখ, হাত ও পা বেঁধে পাশের কাশফুলের ঝোপে নিয়ে যায়। এ সময় শিশুটি চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে বলাৎকার করে পালিয়ে যায়। টিটুকে দৌঁড়ে পালাতে দেখে স্থানীয়রা ওই শিশুকে ঝোপ থেকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির খালা বলেন, ‘চিকিৎসার জন্য আমরা ব্যস্ত ছিলাম তাই মামলা করতে বিলম্ব হয়েছে। এ ঘটনার জন্য টিটুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টা শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও পারিবারিক সূত্রে জানা যায়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমার কাছে কেউ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’.…বাসাইলসংবাদ/একেবি




