
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সাফল্য অর্জন করেছে যমজ দুই ভাই আব্দুল্লাহ আল মুনিফ তামিম ও আব্দুল্লাহ আল মাহাদি হামিম। তারা দুজনেই টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তামিম জিপিএ-৫ এবং হামিম জিপিএ-৪.৮৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তামিম ও হামিম জেলার বাসাইল উপজেলার সুন্যা গ্রামের বাসিন্দা শিক্ষক দম্পতি মোহাম্মদ আসাদুজ্জামান ও নাজমুন্নাহারের যমজ ছেলে। যমজ দুই ভাইয়ের এমন কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে ।
একই বিভাগ থেকে উত্তীর্ণ হলেও এখন দুই ভাইয়ের স্বপ্ন দুই রকম। তামিম প্রকৌশলী হতে চান। আর হামিম ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্র্তা হতে চান।
তামিম ও হামিমের বাবা বাসাইল উপজেলার সেহরাইল-কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ছোট বেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী ছিল। সেই ক্ষেত্রে ভেবেছিলাম তারা দুুজনেই জিপিএ-৫ অর্জন করবে। কিন্তু একজন জিপিএ-৫ পেয়েছে। অন্যজন জিপিএ-৪.৮৩ অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘ছোট বেলা থেকেই তামিমের ইচ্ছা, সে প্রকৌশলী হবে আর হামিম বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্র্তা হবে। তারা দেশের মানুষের সেবা করতে চায়। সেই লক্ষ্য নিয়েই দুজনেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তাদের এ স্বপ্ন পূরণে আমরা পাশে আছি।’
বাসাইলসংবাদ, ১৭ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




