
বাসাইলসংবাদ: বুধবার, ০৫ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সড়ক অবরোধে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এঘটনায় ছাত্রলীগের ৫কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে পদবঞ্চিতরা।
স্থানীয়রা জানান, কামরান খান বিপুলকে আহবায়ক ও রুবেল তালুকদারসহ ৬জনকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট বাসাইল উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। বুধবার (০৫ ডিসেম্বর) সকালে জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল এবং রাশেদুল হাসান জনি স্বাক্ষরিত আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে পদপ্রাপ্তরা সকালে আনন্দ মিছিল বের করে। অপরদিকে এই কমিটির প্রতিবাদে ছাত্রলীগের একাংশ পদবঞ্চিতরা বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মোরাদ হোসেন জানান, ‘বিবাহিত ও অছাত্রদের নিয়ে এই কমিটি অনুমোদন করা হয়েছে। আমরা এই কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ হামলা চালায়। এঘটনায় ছাত্রলীগের ৫কর্মী আহত হয়েছে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন বলেন, ‘পদবঞ্চিত ছাত্রলীগ কর্মিরা বাসাইল বাসষ্ট্যান্ডে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলো। এসময় পুলিশ তাদের অভ্যন্তরীণ আলোচনার জন্য পরামর্শ দিলে তারা এতে কর্ণপাত না করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
বাসাইলসংবাদ/একে




