
বাসাইলসংবাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলামকে কেন্দ্রীয়ভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের তালিকায় নাম থাকায় এটিকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ গ্রুগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ গ্রুগের নেতাকর্মীরা বাসাইল বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ মিছিল বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, বাসাইল পৌর সভার কাউন্সিলর শাহ আলম ভেবল, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, উপজেলা কৃষকলীগের সভাপতি উজ্জল মোল্লা প্রমুখ।
হাজী মতিয়ার রহমান গাউজ বলেন, ‘কেন্দ্র থেকে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এই তালিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলামের নামও রয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল করেছি।’
প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে কাজী অলিদ ইসলাম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউজকে পরাজিত করেন।
বাসাইলসংবাদ/একেবি




