
বাসাইলসংবাদ: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮:

বাসাইলসংবাদ ডেস্ক :
নিবন্ধন বাতিল হওয়ায় দলীয় প্রতীকে ভোট করার যোগ্যতা হারানো জামায়াতে ইসলামী জোটের শরিক বিএনপির ধানের শীষেই ভোটে নেমেছে। কিন্তু পোস্টারে দলটি জোটের প্রধান বেগম খালেদা জিয়ার ছবি বা নাম ব্যবহার করছে না। এ নিয়ে বিএনপিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াতের নেতারা বলছেন, আমাদের আদর্শিক জায়গা থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে ইচ্ছুক না আমরা।
বিএনপি এবার মোট ২২ আসনে জামায়াতকে ছাড় দিয়েছে। এরমধ্যে ২১টিতে জামায়াতের প্রার্থী ধানের শীষ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনপির জোটের শরিক এলডিপি, কল্যাণ পার্টি এবং অন্যরা তাদের পোস্টারে খালেদা জিয়ার ছবি এবং নাম ব্যবহার করছে। কেবল জামায়াতই এ বিষয়টি নিয়ে ‘আপত্তি’ করছে।
বিষয়টি জানতে পেরে অবাক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘এ বিষয়ে বিএনপির কর্মীরা যে ক্ষোভ প্রকাশ করছেন, তার সঙ্গে আমি একমত। আমারও ভাষ্য, যেহেতু জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, তাদের তো জিয়া পরিবারের ছবি ব্যবহার করা উচিত ছিলো। এটা ঠিক হচ্ছে না।’
বিএনপির এমন প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী যতই বিএনপির শরিক দল হোক না কেন, তাদের একটি দলীয় আদর্শ আছে। ফলে আমরা প্রতীক হারালেও রাজনৈতিক আদর্শ হারাইনি। আর নির্বাচনে আমাদেরকে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে কেবল আমাদের স্বার্থে নয়। এতে বিএনপিরও লাভ আছে। সুতরাং আমরা পোস্টার-ব্যানারে খালেদা জিয়ার ছবি ব্যবহার করি বা না করি সেটা নিয়ে বিশেষ প্রশ্ন আসা উচিৎ বলে আমরা মনে করি না।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘পোস্টারে ছবি ব্যবহারের কোন বাধ্যবাধকতা নেই। নির্বাচনে প্রতীকটাই আসল। আমরা সেটা ফোকাস করার চেষ্টা করেছি। এ বিষয়ে জোটের সঙ্গে বোঝাপড়ার কিছু নেই। কোন সমস্যা হবে না এ নিয়ে।’
জামায়াতের প্রার্থীদের এমন উদ্যোগে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কারণে বেশির ভাগ আসনেই শরিক দলের প্রার্থীদের পাশে নেই তারা। বিএনপির নেতাকর্মীদের প্রচারণায় নামাতে অনুনয়-বিনয় করছেন জামায়াতের নেতারা। কিন্তু তাতেও কাজ হচ্ছে না।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসানুল বান্না বলেন, ‘যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি পোস্টারে ব্যবহার করছেন না, তারা চরম ভুল করছেন। যার মার্কা ছাড়া নিজেদের কোন অস্তিত্ব নেই, তাকেই অবজ্ঞা করছেন। তাদের বিরুদ্ধে জোটগত ব্যবস্থা নেয়া হবে।’
সূত্র-বাংলানিউজ পোস্ট
বাসাইলসংবাদ/একে




