
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির স্রোতে ঝিনাই নদীর দাপনাজোর এলাকায় সেতু ভেঙে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত সেতুটির পূর্বাংশের একটি পিলার ও দুইটি স্ল্যাব ভেঙে যায়।

স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলার আইসড়া, একঢালা, দোহার, দাপনাজোর, দেউলী, জশিহাটী, হাকিমপুর, মোড়াকৈসহ প্রায় ১৫-২০টি গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ভুক্তভোগী মো. জিন্নাহ বলেন, ‘সেতুটি আমাদের সামনেই ভেঙে পড়েছে। অল্পের জন্য একটি মোটরসাইকেল চালক রক্ষা পেয়েছেন। সেতুটি ভেঙে যাওয়ায় এখন মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
স্থানীয় ইউপি সদস্য মহসিনুজ্জামান বলেন, ‘ঝিনাই নদীতে বন্যার পানির ব্যাপক স্রোতে । এ কারণে সেতুটির পিলারের নিচের মাটি সরে গিয়ে দুইটি স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। ফলে ১৫-২০টি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন এ এলাকার মানুষ।
উপজেলা এলজিইডির প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ‘২০১৯ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বর্ষার পানির স্রোতে ১২০ মিটার সেতুটির ৩০ মিটার স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। সেতুটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়। নতুন করে সেখানে ২৮২ মিটারের একটি সেতু নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বর্ষার পানি চলে গেলেই সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। ’
…বাসাইলসংবাদ/ ২০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




