
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ১০ টাকায় বাজার থেকে ইচ্ছেমত প্রয়োজনীয় পন্য কিনে খুশি সুবিধাবঞ্চিত বস্তির পরিবারগুলো। টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট একুয়ার বস্তিতে এমন ভিন্ন রকমের বাজারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন এবং বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন। ১০ টাকায় বাজারে একজন ক্রেতা চাল, ডাল, মাছ, মুরগি ও শীতকালীন সবজি কিনেছেন। বস্তির শতাধিক পরিবার এই বাজার থেকে পন্য কিনে খুশি।

১০ টাকায় বাজার করতে আসা গৃহিনী রাশেদা বেগম বলেন, এত কম টাকায় জিনিস কিনতে পেরে পুরো বস্তিবাসী খুবই আনন্দিত। আমরা চাই নিয়মিত এমন বাজারের ব্যবস্থা করা হোক।
দিনমুজুর ইয়াকুব বলেন, অনেক দিন পর পরিবারের জন্য মাত্র ১০ টাকায় মুরগি কিনতে পেরেছি। আমাদের মত গরীব মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। ১০ টাকার বিনিময়ে বাজার থেকেই শুধু মুরগীই নয় সবজিসহ আরো অনেক পন্য পেয়েছি।
১০ টাকার বাজারের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম মুনিম বলেন, এ বাজারের ক্রেতা হিসেবে আগে থেকেই সবিধাবঞ্চিত মানুষদের নির্বাচন করেছি। প্রতিটি পণ্যে ১০ থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি দেয়া হয়েছে।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সমন্বয়ক মুঈদ হাসান তড়িৎ বলেন, সমাজের স্বল্প আয়ের মানুষদের জন্যই এ আয়োজন। চাল, ডাল, মুরগি মাছসহ সব জিনিসের দাম ভর্তুকি দিয়ে রাখা হচ্ছে মাত্র ১০ টাকায়। যেন সুবিধাবঞ্চিত মানুষেরা টাকার বিনিময়ে জিনিস কিনেছেন এই আত্মতৃপ্তিটা পান। বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এমন বাজারের আয়োজন দেশের বিভিন্ন জেলায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
বাসাইলসংবাদ, ১৯ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




