
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
অভিযানে মসজিদ রোডের ব্যবসায়ী শহিদুর রহমানকে পাঁচ হাজার টাকা ও তপনকে চার হাজার টাকা, ক্যাপসুল মার্কেটের ব্যবসায়ী রুবেলকে পাঁচ হাজার টাকা ও গনেশকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা বলেন, ‘করোনা ভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম অতিরিক্ত নিচ্ছিলো। এমন খবরে অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি না নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ১০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




