
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের ঘাটাইলে ৩ স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাসেল নামের আটককৃত আরও একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে আটক দেখিয়ে পুলিশ আদালতে পাঠায়। বিকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাত জবানবন্দি রেকর্ড করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনজনকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে তাদের মধ্যে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। এনিয়ে এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪জনে। এদের মধ্যে ৩জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামলা ও ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় থেকে চার ছাত্রী তাদের দুই বন্ধুর সঙ্গে উপজেলার সাতকোয়া বন এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে সাতকোয়া বনের গভীরে নিয়ে যায়। পরে ওই ছাত্রীদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। কিন্তু পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তিন ছাত্রীকে ধর্ষণ ও আরেক ছাত্রীকে লাঞ্ছিত করে পালিয়ে যায়। এসময় ওই দুই ছেলে বন্ধুকেও মারধর করা হলে তারাও পালিয়ে যায়। এরপর শিক্ষার্থীরা ওই এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। পরেরদিন সোমবার (২৭ জানুয়ারি) ছাত্রীদের মধ্যে এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এই চারজনকে আটক করে পুলিশ।
…বাসাইলসংবাদ/৩০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




