
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহীন মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. বাদল মিয়া (৪০) নামের এক সাবেক ইউপি সদস্য আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত শাহীন উপজেলার গলগন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত বাদল মিয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
এসআই মতিউর রহমান বলেন, ‘বাদল ও শাহীন মোটরসাইকেলযোগে হরিপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী ডিমের একটি ট্রাক এসে তাদের বহনকৃত মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তারা দুজনে পড়ে যায়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত ব্যক্তিকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ০৪ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




