
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ঝগড়া থামাতে গিয়ে আব্দুস সোবহান (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামের হায়দার, সোলেমান, হাবিবসহ বেশ কয়েকজন ব্যক্তি কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কিছু গাছ বিক্রি করে। প্রতিবেশী ছাত্তার নামের এক ব্যক্তি ওই কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কিছু লাকড়ি ক্রয় করেন। ক্রয়কৃত লাকড়ি আনতে গেলে ছাত্তার ও হায়দারের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে উভর পক্ষের মধ্যে হাতাহাতি শুর হয়। এসময় ছাত্তারের ভাই সোবহান ঝগড়া থামাতে গেলে তাকেও মারধর করে হায়দারের লোকজন। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই সোবহান জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একেবি




